Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজ থেকে বেরিয়ে চারদিন ধরে নিখোঁজ প্রথম বর্ষের ছাত্রী

কলেজ থেকে বেরিয়ে চারদিন ধরে নিখোঁজ প্রথম বর্ষের ছাত্রী
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন জগদ্দল এলাকার বাসিন্দা প্রথম বর্ষের ছাত্রী রানি রাই। নৈহাটি ঋষি বঙ্কিম মর্নিং কলেজে তিনি পড়েন। কলেজ থেকেই উদ্ধার হয় তাঁর ব্যাগ ও মোবাইল ফোন। শুধু তাই নয়, সিসি ক্যামেরার ফুটেজে ওই ছাত্রীকে কলেজ থেকে বেরতেও দেখা গিয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
Advertisement
নিখোঁজ ছাত্রীর বাড়ি জগদ্দলের মতিভবন বি এল নম্বর ৭ এলাকায়। এলাকাটি ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পড়ে। বাবা রাজীব রাই পেশায় জুটমিল কর্মী। পরিবারে মা ছাড়াও আরও এক বোন ও ভাই রয়েছে। অভাবের সংসারে অত্যন্ত কষ্ট করে হলেও বড় মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন বাবা-মা। এলাকায় অত্যন্ত ভদ্র, মিশুকে এবং পড়াশুনায় ভালো বলে পরিচিত রানি। 
রোজের মতো শনিবার সকালেও রানি বাড়ি থেকে বেরোয় কলেজে যাওয়ার জন্য। তাঁর মায়ের কথায়, কলেজে পৌঁছে মেয়ে সকাল ৫ টা ৪০ মিনিট নাগাদ বাড়িতে ফোন করে বলেও যে পৌঁছে গিয়েছে। কলেজ শেষ করে বেলা বারোটা নাগাদ বাড়ি ফেরার কথা ছিল তার। নির্দিষ্ট সময়ের পরও রানি বাড়িতে না ফেরায় তিনি একাধিকবার মেয়ের মোবাইলে ফোন করলেও ফোন ধরেনি সে। এরপর তিনি, তাঁর ছেলে সহ প্রতিবেশী কয়েকজনকে নিয়ে কলেজে যান। কলেজের নিরাপত্তারক্ষী এবং অধ্যাপিকারা রানিকে কলেজে দেখেননি বলে জানান। বাড়িতে ফিরে আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর করেও কোনও সন্ধান না পাওয়ায় ওইদিনই সন্ধ্যায় তাঁরা জগদ্দল থানা নিখোঁজের অভিযোগ করেন। রাতেই তাঁরা জগদ্দল থানা থেকে খবর পান যে, কলেজের ভিতর থেকেই রানির ব্যাগ ও মোবাইল উদ্ধার হয়েছে।
তাহলে কি কলেজে ব্যাগ, মোবাইল রেখে বেপাত্তা হয়ে গিয়েছেন ওই ছাত্রী? নাকি তাঁকে কেউ নিয়ে গিয়েছে? পুলিস এই প্রশ্নগুলি খতিয়ে দেখছে। পাশাপাশি কারও সঙ্গে ওই কলেজ পড়ুয়ার প্রণয়ের সম্পর্ক ছিল কি না, তাও পুলিস দেখছে। কাউন্সিলার মনোজকুমার পান্ডে ওই কলেজ পড়ুয়ার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেছেন। সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন। আর বারাকপুরের ডেপুটি পুলিস কমিশনার (উত্তর) গণেশ বিশ্বাস বলেন, আমরা সবদিক খতিয়ে দেখছি।
সম্পর্কিত সংবাদ