নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো শেষ। আজ, শনিবার থেকে শুরু হচ্ছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। তাই আজ থেকে টানা তিনদিন ব্যাহত হবে চক্ররেল পরিষেবা। রাজ্য সরকারের অনুরোধ মেনে আজ, কাল ও পরশু (শনি, রবি ও সোমবার) শিয়ালদহ ডিভিশনের আওতাধীন ৯টি চক্ররেল বাতিল থাকবে। তাছাড়া, ২৯টি চক্ররেল এই তিনদিন গোটা যাত্রাপথ অতিক্রম করবে না। সংক্ষিপ্ত রুটে চলবে সংশ্লিষ্ট ট্রেনগুলি। রেলকর্তাদের দাবি, মূলত গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা দিয়ে চক্ররেল বন্ধ থাকবে। কারণ বিসর্জনের সময় ঘাটগুলিতে অংসখ্য মানুষের ভিড় জমে যায়। তাই দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শনি, রবি ও সোমবার বাতিল থাকা ৯টি ট্রেনের নম্বর ৩০৪১২, ৩০৪১৬, ৩০৪১১, ৩০৩৫১, ৩১২২৩, ৩০১১৩, ৩০১১৬ এবং ৩১২৪২। এছাড়া আজ থেকে তিনদিন ১৪টি চক্ররেল কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। সংশ্লিষ্ট ট্রেনগুলির নম্বর হল ৩০৩২২, ৩০১২৮, ৩০৩২৪, ৩০৩৪৬, ৩০৩১২, ৩০৩১৪, ৩০১২২, ৩০১৪৫, ৩০১২১, ৩০৩৩৩, ৩০৩৩১, ৩০৩১১, ৩০১১১ এবং ৩০৩১৩। ৩০৩৪৪ নম্বর ট্রেনটি আগামী তিনদিন বারাসত স্টেশনে যাত্রা শেষ করবে। এক জোড়া ট্রেন (৩০১৫৪, ৩০১২৩) এই সময় শিয়ালদহ স্টেশন থেকেই যাত্রা শুরু ও বিরতি করবে। এছাড়া একাধিক চক্ররেল তিনদিন কাঁকুড়গাছি রোড-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাতায়ত করবে এক গুচ্ছ ট্রেন।



