সংবাদদাতা, বারুইপুর: কুলতলির কৈখালিতে বেড়াতে গিয়ে বোট থেকে পড়ে নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিস। নদীতে বোট নিয়ে তল্লাশি চালানো হয়। ডুবুরিও নামানো হয়। কিন্তু রাত পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই পর্যটকের। জানা গিয়েছে, ওই পর্যটকের নাম প্রীতম পানুয়া। বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়। এদিন বিকেলে ১১ জনের একটি টিম কৈখালিতে ঘুরতে আসে। তাঁরা ঝড়খালি ঘুরতে যায় একটি বোট ভাড়া করেন। সেখান থেকে ফিরে আবার একটি বোটে ওঠেন তাঁরা। সেই বোটে রাত
Advertisement
কাটিয়ে শুক্রবার সুন্দরবনের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তাঁদের। ওই বোট থেকেই প্রীতম পানুয়া আচমকা নদীতে পড়ে যান। বোটের মাঝি জানান, পর্যটকরা সবাই নেশাগ্রস্ত ছিলেন। আনন্দ করতে করতে একজন বোট থেকে পড়ে যান। আমি নিজে জলে ঝাঁপ দিয়ে খোঁজার চেষ্টা করেছিলাম। কিন্তু তাঁর কোনও খোঁজ পাইনি।



