নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: খাস জমির দখল নিয়ে জমি-মাফিয়াদের দু’টি গোষ্ঠীর মারামারিতে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চণ্ডীতলায়। মঙ্গলবার রাত থেকে ওই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চণ্ডীতলার দানবতীপুর। পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় এক জমি মাফিয়ার বাড়িতে হামলা চালায়। তার বাড়ি ভাঙচুর করা হয়। পুলিস গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। চণ্ডীতলার থানার পুলিস জানিয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা নষ্ট করার অভিযোগে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দানবতীপুরের দু’দল জমি মাফিয়ে খাসজমি দখলের কারবার করে। সম্প্রতি একটি খাসজমিতে দু’পক্ষই নিয়ন্ত্রণ কায়েম করা নিয়ে বিবাদে জড়িয়েছিল। মঙ্গলবার সেই বিবাদ সংঘর্ষের আকার নেয়।



