সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রতিশ্রুতি মতো মঙ্গলবার থেকে খুলে গেল চেঙ্গাইলের ল্যাডলো জুটমিল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন পাঁচ হাজারের বেশি শ্রমিক। তবে এদিন মিল খুললেও উৎপাদন শুরু হয়নি। সূত্রের খবর, আগামী কয়েকদিন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ১১ নভেম্বর থেকে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে ল্যাডলো জুটমিলে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। পুজোর আগে মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন শ্রমিকরা। পরে মিল খোলার উদ্যোগ নেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত মতো পুজোর আগে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়া হলেও মিল খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে পুনরায় পুলক রায়, মলয় ঘটকের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়। পুলক রায় বলেন, রাজ্য সরকার সবসময় মানুষের পাশে আছে। আমরা উৎপাদন প্রক্রিয়া চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতী।



