সংবাদদাতা, মেদিনীপুর: পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিভিল ডিফেন্স কর্মীর মৃত্যু হল। চন্দন শর্মা(৩০) নামে ওই ব্যক্তির বাড়ি খড়্গপুর শহরের ছোট আয়মা এলাকায়। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে খড়্গপুর গ্রামীণ এলাকার চৌরঙ্গীর কাছে পরিবহণ দপ্তরের তরফে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছিল। সিভিল ডিফেন্স কর্মী চন্দনবাবু ওই কাজে যুক্ত ছিলেন। পিকআপ ভ্যানটি চৌরঙ্গীর দিক থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। খড়্গপুরের এসডিপিও পাতিল যোগেশ অশোক রাও বলেন, চন্দনবাবু গাড়িটি আটকাতে গেলে সেটি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে চন্দনবাবুর মৃত্যু হয়। পরে খড়্গপুর টাউন থানার পুলিস পিকআপ ভ্যানটি আটক করে। চালককে গ্রেপ্তার করা হয়। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।



