Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

দুর্যোগে বিধ্বস্ত কেরল, মৃত্যু ৭ জনের

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। বৃষ্টির জেরে রবিবার মালাপ্পুরমে হড়পা বানে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

দুর্যোগে বিধ্বস্ত কেরল, মৃত্যু ৭ জনের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। বৃষ্টির জেরে রবিবার মালাপ্পুরমে হড়পা বানে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন। নিখোঁজ আরও এক মহিলা। সোমবারও আশার কথা শোনাতে পারেনি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ৬টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলার প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিরার বিকেলে মালাপ্পুরমের নিলাম্বুরে কোট্টাপুঝা নদীতে হড়পা বান শুরু হয়। তাতে ভেসে যান ৬ জন। ওইদিনই দুজনের দেহ উদ্ধার হয়েছিল। সোমবার তিনজনের দেহ উদ্ধার হয়। মৃত পাঁচজনই পর্যটক। ওই এলাকায় একটি ইকো-টুরিজম সেন্টার রয়েছে। সেখানেই ঘুরতে এসেছিলেন তাঁরা। স্থানীয় এক যুবতি নদীতে কাপড় কাচতে গিয়েছিলেন। তিনিও ভেসে গিয়েছেন। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন কেরলের রাজস্বমন্ত্রী এ পি অনিলকুমার। রবিবার থেকে সেখানেই রয়েছেন তিনি। ইদুক্কি ও কোট্টায়ম জেলা থেকেও ভূমিধসে চারজনের মৃত্যুর খবর মিলেছে।

Advertisement

এদিকে, প্রাকৃতিক বিপর্যয় মোকবিলায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেছেন কেরলের বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান সিপিএম নেতা পিনারাই বিজয়ন। তাঁর অভিযোগ, যাঁরা বিপর্যয়ের শিকার হয়েছেন, তাঁদের প্রতি অবহেলা ও অমানবিক আচরণ করছে সরকার। ফেসবুক পোস্টে হড়পা বান ও ধসে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ