ডাঃ দিলীপ টোডি (কনসালটেন্ট গ্যাস্ট্রোমেডিসিন, নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল, হাওড়া): এটা সেই সময়টা, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। পুজো আসছে, আর আমাদের উত্তেজনা চরমে। এই উৎসবের সময়, প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ করার পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। উৎসবের দিনে হজমের স্বাস্থ্য বজায় রাখা বেশ কঠিন হতে পারে। তবে, খুশির এই সময়েও নিজের শরীরের যত্ন নেওয়া ভীষণ জরুরি। চলুন জেনে নিই, কীভাবে আমরা উৎসবের মরশুমে সুস্থ থাকতে পারি।
জল খাওয়া ভীষণ জরুরি
জল পান করুন: সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ভেষজ চা হজমে সহায়ক হতে পারে।
চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন: অতিরিক্ত চিনি জাতীয় পানীয় আপনার পেট খারাপ করতে পারে, তাই তা এড়িয়ে চলুন।
খাবার বাদ দেবেন না
মিল স্কিপ করবেন না: সময় মতো খাবার খেলে উৎসবে অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কমে যায়।
স্বাস্থ্যকর স্ন্যাকস: মিলের মাঝে হালকা ও স্বাস্থ্যকর স্ন্যাকস খান, যাতে আপনার মেটাবলিজম ঠিক থাকে।
নিজের শরীরের কথা শুনুন
অস্বস্তি বুঝতে শিখুন: যদি কোনও খাবার খাওয়ার পর ভালো না লাগে, তাহলে সেটি না খেলেও চলে। কী খেলে শরীরে কী প্রভাব পড়ছে, তা বুঝুন।
বিশ্রাম নিন: যদি পেট ফাঁপা বা অস্বস্তি বোধ করেন, তাহলে শরীরকে হজমের জন্য একটু সময় দিন।
নিজেকে নিরুদ্বিগ্ন রাখুন ও আনন্দ করুন, চাপ মুক্ত থাকুন: উৎসব উপভোগ করুন, খাবার নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানসিক চাপ হজমের উপর খারাপ প্রভাব ফেলে। আমরা সবাই পুচকা, চাট, নুডলসের মতো স্ট্রিট ফুড খেতে ভালোবাসি। তবে বাড়ি থেকে বেরনোর আগে কিছু খেয়ে নেওয়াই ভালো, যাতে বাইরে গিয়ে অতিরিক্ত খাওয়ার লোভে না পড়ি। খাবারের জায়গায় যেন স্ন্যাকস না হয়—পুরো মিল খাওয়ার চেষ্টা করুন। নিজেকে ট্রিট দিতে চাইলে সচেতনভাবে বেছে নিন—জাঙ্ক ফুড না খেলেই ভালো। প্রতিদিনের ডায়েটে শাকসব্জি, ফল আর প্রোটিন রাখার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চা করুন, অন্তত অর্ধেক ঘণ্টা হলেও। ঘুমে কোনও রকম আপস করবেন না। বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন। আর সব শেষে, সবচেয়ে গুরুত্বপূর্ণ—উৎসবটা মন খুলে উপভোগ করতে ভুলবেন না।