Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাশীপুর‑বেলগাছিয়া কেন্দ্র: এলাকার উন্নয়ন, যুবসাথী প্রকল্পই হাতিয়ার তৃণমূল প্রার্থী অতীনের

এলাকার উন্নয়ন ও যুবসাথী প্রকল্পকে হাতিয়ার করে জোরকদমে প্রচার করছেন কাশীপুর‑বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।

কাশীপুর‑বেলগাছিয়া কেন্দ্র: এলাকার উন্নয়ন, যুবসাথী প্রকল্পই হাতিয়ার তৃণমূল প্রার্থী অতীনের
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলাকার উন্নয়ন ও যুবসাথী প্রকল্পকে হাতিয়ার করে জোরকদমে প্রচার করছেন কাশীপুর‑বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। হাতে আর মাত্র কয়েকটি দিন। তাই এতটুকু সময় নষ্ট না করে তিনি কর্মী‑সমর্থকদের নিয়ে দিনভর চষে বেড়াচ্ছেন তাঁর নির্বাচনি এলাকা। গত পাঁচ বছরের এই বিধানসভা এলাকায় পানীয় জল, রাস্তাঘাট, আলো সহ যে সমস্ত নাগরিক পরিষেবার প্রভূত উন্নতি ঘটেছে, তার দীর্ঘ ফিরিস্তি তুলে ধরা হচ্ছে অলিগলিজুড়ে প্রচার অভিযানে।

Advertisement

দলীয় কর্মীদের বক্তব্য, লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী প্রকল্প মানুষের মন জয় করে নিয়েছে। তাই সর্বত্র প্রচার অভিযানে এই দুই প্রকল্পের কথা বেশি করে তুলে ধরা হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দেওয়ালজুড়ে চোখ পড়েছে যুবসাথী প্রকল্পের কথা। পাশাপাশি কোথাও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এসআইআর নিয়েও প্রচার চালানো হয়েছে দেওয়ালে।
অতীন ঘোষের কথায়, এই বিধাসভা এলাকায় মনপ্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। তাই বিশ্বাস করি, কাজের নিরিখে এই বিধানসভা নির্বাচনে মানুষ আমাকে ফের আর্শীবাদ করবেন। তৃণমল কর্মী, সমর্থকদেরও বক্তব্য, এই বিধানসভা কেন্দ্রে যে পরিমাণে উন্নয়ন ঘটেছে, তাতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।
বৃহস্পতিবার দুপুরে কথা হচ্ছিল এই বিধানসভা কেন্দ্রের কেদারনাথ দাস লেনের বাসিন্দা অর্ণব ঘোষের সঙ্গে। তিনি বলেন, আমাদের এলাকায় এখন প্রতিটি বাড়িতেই রয়েছে পানীয় জলের ট্যাপ কল। প্রতিটি রাস্তা‑ঘাটই হয়েছে পাকা। রয়েছে পর্যাপ্ত আলো। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে প্রচুর পরিমাণে গাছপালা। নাগরিক পরিষেবার ক্ষেত্রে যে যথেষ্ট উন্নতি ঘটেছে, সেটা অস্বীকার করতে পারি না। টালার নীলমণি মিত্র রো‑এর বাসিন্দা স্বপনকুমার দে বলেন, আমাদের এলকায় গত পাঁচ বছরে যথেষ্ট উন্নতি ঘটেছে। টালা আজ উত্তর কলকাতার মানুষের কাছে একটা ‘ল্যান্ডমার্ক’। তাই কাজের নিরিখেই আমরা আশা করছি যে, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয়ী হবেন।
কালীচরণ ঘোষ রোডের বাসিন্দা গৃহবধূ মিলি দাস বলেন, আমাদের অঞ্চলে আগের তুলনায় এখন নিকাশি ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটেছে। পাশাপাশি স্থানীয় হেলথ সেন্টার থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার ও ওষুধপত্রও পাওয়া যায়। এটাও এই অঞ্চলের মানুষের কাছে প্রভৃত উপকারে এসেছে।
সব মিলিয়ে এলাকার উন্নয়নকে সামনে রেখেই মানুষের দরজায় দরজায় গিয়ে আর্শীবাদ চাইছেন অতীন ঘোষ। যদিও এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারির দাবি, গত পাঁচ বছরে ছিটেফোঁটা উন্নয়নও হয়নি এই কেন্দ্রে। শাসকদল ও সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরছি। মানুষের ভালোবাসাও পাচ্ছি। তাই আশা করছি এই কেন্দ্র থেকে জিতব।     

সম্পর্কিত সংবাদ