বেঙ্গালুরু, ১০ জুন: আইপিএল জয়ের পর বিরাটদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল খোদ কর্ণাটক সরকার, অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সে রাজ্যের রাজ্যপালও। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হচ্ছে, সেদিন আরসিবির সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল রাজভবনে। পরে তা সে রাজ্যের বিধান সৌধ (বিধানসভায়) সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং সেই অনুষ্ঠানেই রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
স্বাভাবিক ভাবেই এই তথ্য সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এর আগে তিনি দাবি করেছিলেন আরসিবির সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনও যোগ নেই। এবং রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয় কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। কিন্তু রাজভবনের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রীর এই বক্তব্য একেবারেই ভুল। গত ৪ঠা জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন ক্রিকেট প্রেমীর। জখম হন আরও অনেকে। সেই থেকেই বিষয়টা নিয়ে চর্চা চলছে। সেই আবহে আইপিএল জয়ী আরসিবি দলকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠান নিয়ে প্রশ্নের মুখে পড়েন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী।
যদিও মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সাফ দাবি ছিল, এই অনুষ্ঠান কোনওভাবেই সরকার আয়োজন করেনি। রাজ্যপালকে আমন্ত্রণের ক্ষেত্রেও রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের নামই সামনে আনেন তিনি। এবার রাজভবন থেকেই বিষয়টা অস্বীকার করা হল, এবং জানানো হল সেদিনের অনুষ্ঠানে রাজ্যপালকে সরকারিভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মনে করা হচ্ছে, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এহেন প্রচার করা হয় সরকারের তরফে। তবে রাজভবনের দাবি সামনে আসতে নতুন করে বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে।