নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের থেকে দুই সংসদীয় কমিটির চেয়ারপার্সনের পদ কেড়ে নেওয়া হল। শনিবার ২৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেছে লোকসভা সচিবালয়। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের আপত্তি সত্ত্বেও বিদ্রোহী তৃণমূল তথা এনসিপিআই সাংসদের বিভিন্ন স্থায়ী কমিটির শুধু সদস্যই নয়, চেয়ারপার্সনও করা হয়েছে। যেমন কাকলি ঘোষ দস্তিদারকে সার ও রসায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনও করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই কমিটিতে মমতাপন্থী তৃণমূলের কাউকে সদস্যই করা হয়নি। আগে এই কমিটির চেয়ারপার্সন ছিলেন কীর্তি আজাদ। তাঁকে সরিয়ে কাকলিকে দেওয়া হল ওই পদ। একইভাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এতদিন কমার্স সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন ছিলেন। তাঁর জায়গায় এবার ওই কমিটির চেয়ারপার্সন করা হল বিজেপির সুধাংশু ত্রিবেদীকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দীপক অধিকারী (দেব)র মতো তৃণমূলের বিদ্রোহী ২০ জনের কাউকেই যেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা না হয়, এই মর্মে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুরোধ গ্রাহ্য হল না। তাই নতুন কমিটি ঘোষণা হতেই তার বিরোধিতা করে স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণানকে চিঠি দিচ্ছে তৃণমূল। সমাজবাদী পার্টি, ডিএমকে, কংগ্রেসকে আগে যে কমিটির চেয়ারপার্সনের পদ দেওয়া হয়েছিল, সেগুলি বহাল রয়েছে।



