


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার কলকাতার ইডি আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে গরহাজির ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তাতেই চরম উষ্মা প্রকাশ করে কোর্টে সশরীরে হাজির না-হলে তাঁর জামিন নাকচ হয়ে যাবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন বিচারক। বিচারকের মন্তব্য, আদালতের ক্ষমতা রয়েছে জামিন বাতিল করে দেওয়ার। এদিন প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অভিযুক্তদের আদালতে হাজির থাকার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও দেখা যায়, প্রাক্তন মন্ত্রী গরহাজির! এরপরই বিচারক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়-সহ যাঁরা উচ্চ আদালত থেকে শর্তাধীন জামিন পেয়েছেন, সেখানে জামিনের শর্ত ছিল মামলার শুনানির দিনে অভিযুক্তদের হাজিরা দিতে হবে। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। আশা করব, আপনারা পঁচা শামুকে পা কাটবেন না।’ আদালতের ওই কড়া মন্তব্যের পরই পার্থর কৌঁসুলি জানান, তাঁর মক্কেল স্বাস্থ্যজনিত নানা কারণেই কোর্টে হাজির হতে পারেননি। এই মর্মে একটি পিটিশনও তাঁরা জমা দেন তিনি। পাশাপাশি, আদালতের নির্দেশ মেনে এদিন অভিযুক্তের পাসপোর্টও জমা দেওয়া হয় কোর্টের কাছে। এদিন অবশ্য এই মামলায় অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অর্পিতা মুখোপাধ্যায়রা আদালতে হাজির ছিলেন। অর্পিতার কৌঁসুলি এদিন আদালতে জানান, তাঁর মক্কেলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। তা খোলার আর্জির জানানো হয়। বিচারক শুভেন্দু সাহা তাঁর শুনানির দিন ধার্য করেন আগামী ৮ ডিসেম্বর। পাশাপাশি, এই মামলায় চন্দ্রনাথ সিনহার কিছু আবেদন‑নিবেদন রয়েছে। সেসব লিখিত আকারেই কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারক।