বিশেষ সংবাদদাতা, আগরতলা: ভারত গণতান্ত্রিক দেশ। রাজতন্ত্রের অস্তিত্ব নেই দেশে। অথচ ত্রিপুরার রাজ পরিবারের উত্তরসূরি তথা তিপ্রামথা দলের প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণকে ‘মহারাজা’ না বলায় হেনস্তার মুখে পড়তে হল সাংবাদিকদের। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তিপ্রামথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে প্রদ্যোৎ গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু জেলাশাসক এতে রাজি হননি। এই ঘটনার প্রতিবাদ জানাতে তিপ্রামথার যুব সংগঠন সাংবাদিক সম্মেলন ডাকে। সেখানে সাংবাদিকরা তিপ্রামথা প্রধানকে ‘প্রদ্যোৎ বাবু’ সম্বোধন করায় চটে যান দলের কর্মী সমর্থকরা। সাংবাদিকদের ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। চিত্র সাংবাদিকদের ক্যামেরাতেও হাত দেওয়া হয়। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিসের দ্বারস্থ হন সাংবাদিকরা। অতিরিক্ত পুলিস সুপার সৌভিক দে এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।



