সংবাদদাতা, বনগাঁ: কুড়িয়ে পাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক সাফাইকর্মী। বাগদা কিষান মান্ডির কর্মী সুমল ঘোষের সততায় মুগ্ধ এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, শনিবার বাগদা কিষান মান্ডিতে এসেছিলেন কয়েকজন বিএসএফ জওয়ান। সেখানেই এক জওয়ানের মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর কাজ করার সময় একটি মোবাইল ফোন কুড়িয়ে পান সুমল ঘোষ। তিনি সেটি স্থানীয়দের জানান। বলেন, কেউ হারিয়ে যাওয়া মোবাইল ফোনের খোঁজ করলে তাঁকে জানাতে। সেই খবর জানতে পেরে কিষান মান্ডিতে ফিরে আসেন ওই বিএসএফ জওয়ান। তাঁকে ফোনটি ফিরিয়ে দেন সুমল ঘোষ। কৃতজ্ঞতা হিসেবে তাঁকে আর্থিক পুরস্কার দিতে যান বিএসএফ জওয়ান। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন।



