নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত সোমবারই ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে দিল্লির যন্তর-মন্তরের উদ্দেশে বাসে চেপে রওনা হন চাকরিহারা শিক্ষকদের একাংশ। ইতিমধ্যেই তাঁরা কানপুর ছাড়িয়েছেন। যাত্রাপথে বিভিন্ন রাজ্যের মানুষজনের কাছে তাঁরা নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন। কর্মসূচি মাফিক লিফলেট বিলি করেও নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন তাঁরা। চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, ভিন রাজ্যের অনেকেই তাঁদের এই সমস্যার বিষয়ে অবগত। বিভিন্ন মানুষের কথা তাঁরা শুনছেন এবং সমর্থনও পাচ্ছেন। এমনকী ভিন রাজ্যের বিভিন্ন স্কুলে গিয়েও রাজ্যের শিক্ষকরা তাঁদের অবস্থান জানাচ্ছেন।
চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল দিল্লি যাওয়ার পথে জানালেন, উত্তরপ্রদেশের দৌলতপুরে হান্স গ্রিনফিল্ড পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের আমাদের অবস্থানের কথা জানিয়েছি। ওই স্কুলের প্রধান শিক্ষিকাকেও লিফলেট দেওয়া হয়েছে। এলাহাবাদ বাইপাসের উপর সাধারণ মানুষের সঙ্গে তাঁরা কথা বলেছেন। তাঁরাও জানিয়েছেন, অযোগ্যদের জন্য যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কেন সমস্যায় পড়বেন? এই বিষয়টি ভেবে দেখা দরকার। আজ, বুধবার ভোরবেলা তাঁদের দিল্লিতে পৌঁছনোর কথা। অন্যদিকে, চাকরিহারা শিক্ষকদের একাংশ ওয়াই চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এদিন বিকেলে ওয়েলিংটন মোড় থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের ডাক দেয় এসএলএসটি ২০১৬ প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। এই মিছিলের নাম দেওয়া হয় ‘পুনর্বিবেচনার হালখাতা’। চাকরিহারা শিক্ষকরা বলেন, এবছরের নববর্ষ কোনোভাবেই তাঁদের কাছে শুভ নয়।
অন্যদিকে, চাকরিহারাদের প্রতিনিধিরা প্রাক্তন ক্রিকেট ক্যাপটেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে যান। তাঁদের উদ্দেশ্য ছিল, ২১ এপ্রিল নবান্ন অভিযানে তাঁকে আমন্ত্রণ জানানো। তবে বাধা দেওয়া সত্ত্বেও তাঁরা না ফেরায় পুলিস তাঁদের আটক করে এবং ঠাকুরপুকুর থানায় নিয়ে যায়।