Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলায় প্রায় চার হাজার বেআইনি জলের লাইন, কাটা শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর

জেলায় প্রায় চার হাজার বেআইনি জলের লাইন, কাটা শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি,  দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিকভাবে প্রায় চার হাজার বেআইনি জলের সংযোগের খোঁজ পেল জেলা প্রশাসন। কোথাও গুদামে সংযোগ নেওয়া হয়েছে, কোথাও আবার পাইপ লাগিয়ে বাড়িতে জল টেনে নেওয়া হচ্ছে। বারে বারে সতর্ক করা হলেও অনেকেই তাতে গুরুত্ব দেননি। তাই এবার কঠোর পদক্ষেপ নিল জনস্বাস্থ কারিগরি দপ্তর। মঙ্গলবার বিভিন্ন জায়গায় এই বেআইনি জলের লাইন কাটা শুরু হল। এদিন বজবজের নিশ্চিন্তপুরে বেশ কয়েকটি জায়গায় এই কাজ করেছেন আধিকারিকরা। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, যাঁরা বেআইনিভাবে সংযোগ নিয়ে জল ব্যবহার করছেন, তাঁদের লাইন কাটা শুরু হয়েছে।
Advertisement
জেলা সূত্রে জানা গিয়েছে, বজবজ ও বিষ্ণুপুরে সব থেকে বেশি এমন লাইন পাওয়া গিয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য জায়গাতেও এই অভিযান চলবে বলে খবর। আধিকারিকরা বলছেন, সরকারিভাবে যেখানে মূল পাইপলাইন বসানো হয়েছে, সেখানেই লুকিয়ে অন্য পাইপ লাগিয়ে নিজেদের বাড়ি, গুদামঘর, কারখানা ইত্যাদি জায়গায় জল নেওয়া হচ্ছিল। এদিনের অভিযানে একটি কারখানা, দুটি গুদাম ও একটি তিনতলা আবাসনের জলের লাইন কেটে দেওয়া হয়। তারা বহুদিন ধরেই বেআইনি লাইন দিয়ে জল নিচ্ছিল বলে অভিযোগ। এমন বেআইনিভাবে পাইপ লাগিয়ে জল নেওয়ার জন্য অনেক গ্রামেই ঠিকমতো জল পৌঁছচ্ছে না। এই বেআইনি লাইনগুলি কেটে দেওয়া হলে দূরবর্তী গ্রামগুলিতে জলের সঙ্কট মিটবে বলে আশা করছেন দপ্তরের ইঞ্জিনিয়াররা।
সম্পর্কিত সংবাদ