Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলায় ২৫টি নয়া আইসিডিএস কেন্দ্র তৈরির উদ্যোগ হাওড়া জেলা পরিষদের

জেলায় ২৫টি নয়া আইসিডিএস কেন্দ্র তৈরির উদ্যোগ হাওড়া জেলা পরিষদের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: জেলায় নতুন আইসিডিএস কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরির উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ। একারণে তারা ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর, নতুন ২৫টি আইসিডিএস কেন্দ্র এবং ২০টি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরি করা হবে। হাওড়ায় অনেক আইসিডিএস কেন্দ্র রয়েছে, যেখানে তাদের নিজস্ব ঘর নেই। কোথাও ভাড়া বাড়িতে, আবার কোথাও ক্লাব ঘরে ক্লাস হয়। প্রশাসন কিছু আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য জায়গা পেয়েছে। সূত্রের খবর, সেইসব জায়গায় নতুন কেন্দ্র তৈরি করছে জেলা পরিষদ। এছাড়াও জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়কে অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরি করে দেওয়া হবে। প্রতিটি বিদ্যালয় পিছু খরচ হবে ১২ লক্ষ ৬৬ হাজার টাকা। এ বিষয়ে হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন, আমরা বিভিন্ন সময় নতুন আইসিডিএস কেন্দ্র তৈরি করে দিই। এবার নতুন ২৫টি তৈরি করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। অনেক জায়গায় শ্রেণিকক্ষের অভাবে সমস্যায় পড়ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আবেদন করায় তার ভিত্তিতে আমরা ২০টি বিদ্যালয়ে শ্রেণিকক্ষ তৈরির সিদ্ধান্ত নিয়েছি। হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য বলেন, যে সব জায়গায় সংশ্লিষ্ট দপ্তর পরিকাঠামোর জন্য বরাদ্দ করতে পারছে না, সেই ঘাটতি আমরা পূরণ করার চেষ্টা করছি। আগামী দিনেও এই ধরনের কাজ করা হবে বলে জানিয়েছেন অজয়বাবু। 
Advertisement
সম্পর্কিত সংবাদ