নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিপুল পরিমাণ পানীয় জল অপচয় হচ্ছে। অভিযোগ, হুঁশ নেই সাধারণ মানুষের। এবার নাগরিক সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল বারাসত এক নম্বর ব্লক। পথনাটকের মাধ্যমে পরিবেশরক্ষার বার্তা দিচ্ছে তারা। এর ফলে মানুষের চেতনার বিকাশ হবে বলে আশাপ্রকাশ করছেন বিডিও।
Advertisement
ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমছে। তাই সাধারণ মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বাড়ি বাড়ি নিখরচায় পানীয় জল পৌঁছে দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় জল অপচয়ের ছবি ধরা পড়ছে। বেআইনিভাবে পাইপলাইন কেটে বাড়িতে জল মজুত করছেন অনেকে। সেই জল ব্যবহার হচ্ছে গেরস্থালির কাজে। এর জেরে পানীয় জলের সঙ্কট তৈরি হবে বলে আঁচ পাচ্ছে প্রশাসন। তাই আগেভাগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল বারাসত। প্রতিটি পঞ্চায়েতে ‘কও কথা’ নাট্যগোষ্ঠী পরিচালিত পথনাটিকা হচ্ছে। নাটকের মধ্যে জল বাঁচানোর পাশাপাশি সঠিকভাবে শৌচাগার ব্যবহার, প্লাস্টিক ব্যবহার কমানো থেকে এলাকা সাফ রাখতে বার্তা দেওয়া হচ্ছে। বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন, ‘সরকারিভাবে বিভিন্ন কায়দায় আমরা সচেতনতা আনার চেষ্টা করছি। নাটক সর্বজনগ্রাহ্য। সেই ভাবনা থেকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ব্লকের ন’টি পঞ্চায়েতে জল ও পরিবেশ বাঁচাতে এই পরিকল্পনা হয়েছে।’



