Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জেল হেফাজতে মৃত ব্যক্তির দেহে ক্ষতচিহ্ন, দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

জেল হেফাজতে মৃত ব্যক্তির দেহে ক্ষতচিহ্ন, দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল হেফাজতে থাকাকালীন মৃত্যুর অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পুলিস রিপোর্ট দিয়ে জানিয়েছে, মৃত ব্যক্তির দেহে ক্ষত চিহ্ন ছিল। কিন্তু কোথায়, কীভাবে বা কখন সেই ক্ষত হয়েছিল সে ব্যপারে তারা নীরব। বিষয়টিতে বিস্মিত বিচারপতি দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছেন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা গফুর মোল্লা নামে এক ব্যক্তিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গত বছর ২৮ আগস্ট গ্রেপ্তার করে রাজ্য আবগারি দপ্তর। তাঁকে বিষ্ণুপুর থানায় নিয়ে যাওয়া হয়। ২৯ আগস্ট তাঁকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেখানে অসুস্থ হলে ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি হয়। পরের দিন সেখানেই তিনি মারা যান। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন ছেলে।  
Advertisement
সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ময়নাতদন্তের রিপোর্ট সহ যাবতীয় নথি খতিয়ে দেখে পুলিসকে মৃতদেহ সম্পর্কে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল। পুলিসি রিপোর্টে ক্ষতর কথা উল্লেখ থাকলেও কোথায় সেই ক্ষত হয়েছে, তা নিয়ে কোনও তথ্য নেই। এদিন বিচারপতি জানিয়ে দেন, কোথায় মারধর করা হয়েছে, এতদিন সময় দেওয়া হয়েছে আর নয় এক সপ্তাহের মধ্যে পুলিসকে তা জানাতে হবে। ২৩ ডিসেম্বর ফের মামলার শুনানি। 
সম্পর্কিত সংবাদ