Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জেলা বইমেলা চন্দননগরে, থাকবে অরুণ চক্রবর্তী প্যাভিলিয়ন

জেলা বইমেলা চন্দননগরে, থাকবে অরুণ চক্রবর্তী প্যাভিলিয়ন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলা পুস্তক উৎসব তথা বইমেলা এবার হবে চন্দননগরে। জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে। সম্প্রতি বইমেলা নিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে চন্দননগর পুরসভার মিটিং হলে। সেখানে জেলার গ্রন্থাগার দপ্তরের কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র সহ মহকুমা প্রশাসনের কর্তারা আলোচনায় অংশ নেন। সেখানেই বইমেলার রূপরেখা তৈরি করা হয়েছে। এ নিয়ে সুবীরবাবু বলেন, গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ফিরিয়ে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে বইয়ের বিক্রি অনেকটাই বেড়েছে। গত বছর জাঙ্গিপাড়ায় বইমেলা হয়েছিল। সেখানে প্রায় ৭০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। যা সাম্প্রতিক বছরগুলির নিরিখে রেকর্ড। তাই আমরা ঐতিহ্যের শহর চন্দননগরকে এবারের বইমেলার জন্য নির্বাচন করেছি। আমাদের লক্ষ্য, এক কোটি টাকার বই বিক্রি করা। ভাষার বন্ধনে সম্প্রীতিকে সুদৃঢ় করার বার্তাকে সামনে রেখে বইমেলার থিম করা হয়েছে। সদ্য প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর জন্য আমরা একটি প্যাভিলিয়ন উৎসর্গ করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ