সংবাদদাতা, উলুবেড়িয়া : পথ দুর্ঘটনায় জখম বাঘরোলকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। বনদপ্তরের কর্মীরা বাঘরোলটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেটির অবস্থা স্থিতিশীল। সোমবার রাতে জগৎবল্লভপুরের মাজু এলাকার খাঁদারঘাট-ফটিকগাছিতে পথ দুর্ঘটনায় জখম হয় পূর্ণবয়স্ক বাঘরোলটি। বিষয়টি নজরে আসে পথচারী রোহিত মাজির। তিনি পরিবেশপ্রেমী সংগঠনকে জানান। সংগঠনের মাধ্যমে খবর পৌঁছয় বনদপ্তরে। পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক সৌরভ দত্ত বলেন, পথ দুর্ঘটনার পাশাপাশি জলাভূমি ধ্বংসের কারণে বাঘরোল বিলুপ্তির পথে। আমরা বনদপ্তরের সঙ্গে আলোচনা করে এবং দপ্তরের সহযোগিতায় বাঘরোল যাতায়াতের করিডরগুলি চিহ্নিত করে সচেতনামূলক হোর্ডিং লাগানোর পরিকল্পনা করছি।



