Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াইয়ে অবরোধে লোকসান সাড়ে পাঁচ কোটি, ক্ষতিপূরণ চেয়ে নোটিস রেলের

জোড়াইয়ে অবরোধে লোকসান সাড়ে পাঁচ কোটি, ক্ষতিপূরণ চেয়ে নোটিস রেলের
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: জিসিপিএ (গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন)-এর অবরোধে ৫.৬১ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলের। সেই টাকা আদায় করতে জিসিপিএ নেতৃত্বকে নোটিস পাঠানো হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এন এফ রেল) মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা।
Advertisement
গত ১১ ডিসেম্বর অসম-বাংলা সীমান্তে রেল অবরোধ করেছিল জিসিপিএ। সেই অবরোধের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলকে। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনকে ঘুরপথে চালাতে হয়েছিল। পৃথক রাজ্যের দাবিতে গ্রেটারের ওই আন্দোলনে বহু রেলযাত্রী সমস্যায় পড়েছিলেন। সিপিআরও বলেন, ‘রেলের পরিষেবায় বাধা সৃষ্টির জন্য আন্দোলনকারীদের আইনি নোটিস দেওয়া হয়েছে। পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী ছিলেন। এই অবরোধের কারণে ৫ কোটি ৬১ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রেলকে। অবরোধের ফলে আর্থিক ক্ষতির জন্য রেলের পক্ষ থেকে ওই দিনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী কয়েকজন জিসিপিএ নেতাকে আলিপুরদুয়ারের সিজেএমের মাধ্যমে ক্ষতিপূরণের নোটিস দেওয়া হয়। যথা সময়ে ক্ষতিপূরণ না দেওয়া হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে জিপিসিএ নেতা বংশীবদন বর্মন দাবি করেছেন, ওই ঘটনার পর তিনি রেলের ডাকা বৈঠকে গিয়ে জবানবন্দি দিয়ে এসেছেন। তবে অন্য কোনও চিঠি বা নোটিস তিনি এখনও পাননি। রেলের আলিপুরদুয়ারের সিনিয়র ডিসিএম অভয় শনপ বলেন, ‘জোড়াইতে রেল অবরোধে কয়েক কোটি ক্ষতি হয়েছে। তা উদ্ধার করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। রেল পুলিসও কেস করছে।’ আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ‘যা ক্ষতি হয়েছে, তা এফআইআরে উল্লেখ করা হবে।’ প্রসঙ্গত, এভাবে অবরোধকারীদের থেকে রেল কর্তৃপক্ষের ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ রাজ্যে প্রথম।
সম্পর্কিত সংবাদ