সংবাদদাতা, বজবজ: ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের বনগ্রামে রাস্তার ধারে ঝুপড়িতে অগ্নিকাণ্ড। সোমবার রাত প্রায় সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ওখানে একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে। সেই আগুনই সংলগ্ন আরও পাঁচটি ঝুপড়িতে ছড়ায়। আগুন দেখে আশপাশের বাসিন্দা শোরগোল শুরু করেন। তা শুনে ঝুপড়িবাসী মহিলা ও পুরুষরা সকলে বেরতে পারলেও একজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। মৃতের নাম বরুণ মণ্ডল (৪০)। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এবং বিষ্ণুপুর থানার পুলিস ঘটনাস্থলে যায়। দমকল সূত্রে জানা গিয়েছে, ঝুপড়িগুলি সব ফেলে দেওয়া প্লাস্টিক সহ দাহ্য পদার্থে ঠাসা ছিল। ঝুপড়িবাসীরা এইসবের ব্যবসা করেন। তাই আগুন দ্রুত ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তিকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ তাঁর দেহ এতটাই ঝলসে গিয়েছিল যে, তা চিহ্নিত করতে সময় লাগে। পরে ছাইয়ের তলা থেকে বের করতে হয় সেটি। এদিকে, আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয় দমকলের কাছে। তবে ওই দপ্তরের আধিকারিকদের সন্দেহ, ঝুপড়িবাসীদের কেউ বিড়ি খেয়ে প্লাস্টিকে ফেলে থাকতে পারেন। তা থেকেই আগুন ছড়াতে পারে। তদন্ত চলছে।



