রাঁচি: মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে জখম সিআরপিএফের তিন জওয়ান। বুধবার ঝরিয়াকেলা থানার বালিবা এলাকায় মাওবাদীদের বিরদ্ধে অভিযান চলছিল। সকাল ৮ টা ৪০ নাগাদ মাটিতে লুকিয়ে রাখা আইইডি বিস্ফোরণ হয়। পুলিস জানিয়েছে, জখমদের মধ্যে রয়েছেন বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জি জে সাই, এইচসিআরও ভি টি রাও এবং সিটি/জিডি ধর্মেন্দ্র কুমার। ১৯৭ ব্যাটালিয়নের এই তিন জওয়ানকে ঘটনাস্থল থেকে এয়ারলিফ্ট করে রাঁচিতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। জানা গিয়েছে, চাইবাসা এলাকার মাওবাদী সংগঠনের অন্যতম নেতা অনল দা’র খোঁজে বুধবার তল্লাশি শুরু করেছিল বাহিনী। অনলের মাথার দাম ১ কোটি।



