নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় ‘থ্রেট কালচার’-এর অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের অভিযোগ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দিপ্র ভট্টাচার্য স্বাস্থ্য ক্ষেত্রে নানা দুর্নীতি নিয়ে সরব ছিলেন। পাশাপাশি কর্মক্ষেত্রে হেনস্তা ও থ্রেট কালচার নিয়েও চিকিৎসক মহলে তিনি সরব ছিলেন। মামলায় আরও দাবি করা হয়েছে, রহস্যজনক মৃত্যুর আগে তিনি তাঁর স্ত্রীকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান। তাঁর স্ত্রী এসএসকেএমে নার্স হিসেবে কর্মরত। পাশাপাশি হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটেও তিনি একটি মেসেজ পাঠিয়েছিলনে। সেখানে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচারের’ কথা স্পষ্ট উল্লেখ ছিল। মামলাকারীর আইনজীবী অনামিকা পান্ডে জানিয়েছে, রাজ্য যে এই ঘটনায় সঠিক তদন্ত করবে না এটাই স্বাভাবিক। তাই মামলায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।



