নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: আড়াই বছর আগে কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাসের উদ্বোধন করা হয়েছিল। ঝাড়গ্রাম শহরে সেই চারতলা ভবটি এখনও চালু করা যায়নি। তিন কোটি টাকা ব্যয়ে জেলার পূর্তদপ্তর ভবনটি নির্মাণ করে। জেলার আদিবাসী উন্নয়ন দপ্তরকে ভবনটিকে হস্তান্তরও করা হয়। কিন্তু অজ্ঞাত কোনও কারণে ভবনটি এখনও বন্ধ হয়ে পড়ে আছে।
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালে ভবনটির উদ্বোধন করেছিলেন। ভবনটিতে ১০০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। ভবনের বকেয়া বিদ্যুৎ বিল নিয়েও জটিলতা তৈরি হয়েছে। জেলা বিদ্যুৎ দপ্তর থেকে সাত দিন আগে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের বক্তব্য, যে ভবন চালু করা হয়নি তার বিদ্যুতের বিল কীভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ বিলের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার জটিলতাও জুড়েছে। গত বছর ছাত্রী নিবাসের জন্য হস্টেল সুপার, মেট্রন, কুক, হেল্পার ও দারোয়ান নিয়োগ শুরু হয়। সেই নিয়োগ প্রক্রিয়াও হঠাৎ থমকে যায়। নিয়োগ প্রক্রিয়া বন্ধের জেরে ছাত্রী নিবাস চালু করার সম্ভবনাও থমকে গিয়েছে। জেলা আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক মনমোহন ভট্টাচার্য বলেন, ছাত্রীনিবাস এখনও চালু হয়নি। কী করে এত বিল এল তা দেখা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা হয়েছে। বিদ্যুতের বিল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে ভবনটি চালু করার চেষ্টা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে সম্পন্ন করা হবে। জেলা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ ভঞ্জ বলেন, জেলা প্রশাসনের আবেদনে ভবনে আবার বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। বিদ্যুতের বিল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে। -নিজস্ব চিত্র