Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটিতে বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ১৫ লক্ষ টাকার গয়না লুট

এক সপ্তাহ আগেই ভরদুপুরে পথচারীর কেপমারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেই বাগুইআটিতে একটি বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে

বাগুইআটিতে বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ১৫ লক্ষ টাকার গয়না লুট
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক সপ্তাহ আগেই ভরদুপুরে পথচারীর কেপমারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেই বাগুইআটিতে একটি বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল। পরিবারের সদস্যরা পুরী বেড়াতে গিয়েছিলেন। শনিবার তাঁরা ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা! খোয়া গিয়েছে, প্রায় ১৫ লক্ষ টাকার গয়না এবং নগদ ৩০ হাজার টাকা। পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে পুলিস জানতে পেরেছে, একজন দুষ্কৃতী মুখ ঢেকে ফ্ল্যাটের ভিতরে ঢুকেছিল।

Advertisement

ঘটনাটি ঘটেছে প্রফুল্ল কানন এলাকায়। সেখানে একটি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে চুরি হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক সপরিবারে গত ১২ মার্চ পুরী বেড়াতে গিয়েছিলেন। ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় ছিল। গত শনিবার তাঁরা ফিরে আসেন। এসে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, আলমারিও ভাঙা। জিনিসপত্র তছনছ করা রয়েছে। বাড়িতে থাকা সমস্ত গয়না এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমে পুলিস সিসি ক্যামেরার একটি ফুটেজ সংগ্রহ করে। তাতে কাপড়ে মুখ ঢাকা অবস্থায় শনিবার ভোররাতে একজনকে ফ্ল্যাটে ঢুকতে দেখা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দুষ্কৃতী রেইকি করেই এই চুরি করেছে। কারণ, অ্যাপার্টমেন্টে আরও ফ্ল্যাট রয়েছে। সেগুলি ছেড়ে সে তালাবন্ধ ফ্ল্যাটেই এসেছিল। অর্থাৎ, সে জানত ওই ফ্ল্যাটে কেউ নেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীর খোঁজ চলছে। মুখ ঢাকা থাকলেও অন্যান্য তথ্যের মাধ্যমে তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত ১০ মার্চ বাগুইআটিতে ভরদুপুরে কেপমারি হয়েছিল। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন পাশ থেকে দু’জন এসে পুলিস পরিচয় দিয়ে বলে, ‘আপনি এত সোনার আংটি পরে যাচ্ছেন কেন? আংটিগুলি খুলে সাবধানে নিয়ে যান’। ওই ব্যক্তি তিনটি সোনার আংটি খুলে দিয়েছিলেন। তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ফের ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পর্কিত সংবাদ