Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভেনিসে জেফ বেজোসের ‘রাজকীয়’ বিয়ের আসর

বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস ও ফক্স নিউজের প্রাক্তন সাংবাদিক লরেন স্যাঞ্চেজ। আজ, শনিবার (ভারতীয় সময়) ইতালির ভেনিস শহরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে হবে তাঁদের।

ভেনিসে জেফ বেজোসের ‘রাজকীয়’ বিয়ের আসর
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভেনিস: বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস ও ফক্স নিউজের প্রাক্তন সাংবাদিক লরেন স্যাঞ্চেজ। আজ, শনিবার (ভারতীয় সময়) ইতালির ভেনিস শহরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে হবে তাঁদের। তবে লক্ষ লক্ষ ডলার ব্যয়ে এই বিয়ের আয়োজন নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

Advertisement

জানা গিয়েছে, ২৬ জুন থেকে শুরু হয়েছে প্রাক বিবাহের অনুষ্ঠান। লিডো দে ভেনিসে ছিল ককটেল পার্টি। বিয়ের অনুষ্ঠানটি হবে ভেনিসের সান জর্জিও মাজিওরে দ্বীপের তিয়াত্রো ভেদ্রেতে। ২৮ জুন রয়েছে গ্র্যান্ড ফেয়ারওয়েল পার্টি। বেজোস- স্যাঞ্চেজের বিয়েতে হাজির থাকছেন প্রায় ৫০০ জন নামজাদা অতিথি। তালিকায় রয়েছেন ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী, বিল গেটস, জেরার্ড কুশনার, কিম কার্দাশিয়ান, ওপরা উইনফ্রে, বিয়ন্সে, কেটি পেরি ও অর্ল্যান্ডো ব্লুম, মিক জ্যাগার, লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং তাঁর বান্ধবী ভিক্টোরিয়া সেরেত্তি, নাতাশা পুনাওয়ালা, জর্ডনের রানি রানিয়া আল আবদুল্লা। এই অতিথিদের থাকার জন্য ভেনিস শহরেই বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে পাত্র-পাত্রীর পরিবারের পাশাপাশি উপস্থিত থাকবেন দু’জনের সাত সন্তানও।
অন্যদিকে, এই বিয়ে ঘিরে রীতিমতো বিক্ষোভ চলছে ভেনিসে। এই বিক্ষোভের জেরে অনুষ্ঠানের একটি ভেন্যুও পরিবর্তন করা হয়েছে বলে খবর। ভেন্যু পরিবর্তনের এ ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবে ঘোষণা করেছে ‘নো স্পেস ফর বেজোস’ নামের একটি সংগঠন। গত সোমবার শহরের সেন্ট মার্কস স্কোয়ারে সংগঠনটির কয়েকজন কর্মী একটি বিশাল ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন। বেজোসের ছবি দেওয়া সেই ব্যানারে লেখা ছিল, ‘বিয়ের জন্য যদি ভেনিস ভাড়া নিতে পারো, তাহলে আরও বেশি করও দিতে পারো।’
সূত্রের খবর, এই বিয়ের অনুষ্ঠানের জন্য ভেনিসের মার্কো পোলো এয়ারপোর্টে বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। ৯৫টিরও বেশি ব্যক্তিগত বিমান যাতে সেই বিমানবন্দরে নামতে পারে, তার জন্য বিশেষ অনুমতি চাওয়া হয়েছে। উল্লেখ্য, প্রথম স্ত্রী তথা সমাজসেবী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২০১৯ সালে বিচ্ছেদ হয় আমাজন কর্তার। ২০২৩ সালে সাংবাদিক লরেন স্যাঞ্চেজের সঙ্গে বাগদান সারেন জেফ বেজোস। 

সম্পর্কিত সংবাদ