Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজ্যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে লগ্নি, আগ্রহী জাপানের মিৎসুবিসি, বৈঠক নবান্নে

জাপানি সংস্থা মিৎসুবিসি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত জানুন কেন এটি গুরুত্বপূর্ণ।

রাজ্যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে লগ্নি, আগ্রহী জাপানের মিৎসুবিসি, বৈঠক নবান্নে
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাপানি সংস্থা মিৎসুবিসি পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বুধবার বণিকসভা ‘মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি জানান, এদিন নবান্নে মিৎসুবিসির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ছাড়াও অন্যান্য পদাধিকারী উপস্থিত ছিলেন। সেখানেই তাঁরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তাপসবাবু আরও জানান, সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে জাপানি সংস্থাটি। 

Advertisement

এদিকে, বাজেটে সেমিকন্ডাক্টরের মতো ক্ষেত্রে বিনিয়োগ আনতে দুর্গাপুরকে তুলে ধরার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মিৎসুবিসি যদি এখানে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করতে চায়, তাহলে দুর্গাপুর বা পানাগড়ে তাদের জমি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘চলতি মাসের চতুর্থ সপ্তাহে ফের মিৎসুবিশির তরফে একটি প্রতিনিধিদল রাজ্যে আসবে। তাদের তখন দুর্গাপুর বা পানাগড়ে জমি দেখানো হবে। সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করতে খুব বেশি জমি লাগে না। যে জমি তাঁরা পছন্দ করবেন, সেখানেই তাঁদের জমি দেওয়া হবে।’ প্রসঙ্গত, জাপানি সংস্থাটির এই প্রতিনিধিদলে মিৎসুবিসি কেমিক্যালসের প্রতিনিধিরা ছিলেন। এর আগে তাঁরা অসমেও গিয়েছেন এবং সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছেন। সেখানেও সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির আগ্রহ প্রকাশ করেছেন তাঁরা। ওড়িশাতেও এই সংস্থার প্রতিনিধিরা দেখা করেছেন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে।
এদিন তাপসবাবু জানিয়েছেন, শীঘ্রই তাঁরা রাজ্যের শিল্পনীতির খসড়া প্রকাশ করবেন। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে আসতে চলেছে স্টার্ট আপ পলিসিও। প্রতিযোগিতার বাজারে লগ্নি টানার ক্ষেত্রে কী কী আর্থিক সুবিধা দেওয়া যায়, সেদিকও খতিয়ে দেখছে রাজ্য সরকার। রাজ্য সরকার আলাদা করে একটি বিদ্যুৎ নীতিও আনবে বলে জানিয়েছেন তাপসবাবু। 
এদিকে, এদিন নবান্নে শিল্পপতি অশোক টোডির সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডানকুনিতে টোডিদের একটি কারখানা উদ্বোধনের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এর পাশাপাশি এদিন রথীন্দ্র মঞ্চে লঘু উদ্যোগ ভারতী এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ভারী শিল্প না এলে কর্মসংস্থানের সমস্যা মিটবে না। রাজ্যে ভারী শিল্প আনার ক্ষেত্রে বিজেপি যাবতীয় উদ্যোগ গ্রহণ করছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ