Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ সামনে জামশেদপুর, চোট মিগুয়েলের, নির্ধারিত সময়েই ম্যাচ শেষ করতে চায় মোহন বাগান

অনুশীলন শেষে কিটব্যাগ দুলিয়ে গাড়িতে উঠলেন মিগুয়েল। শরীরে আড়ষ্টতা স্পষ্ট। কোমরের উপরের অংশে চোট। সোমবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মিগুয়েলকে পাচ্ছে না মোহন বাগান।

আজ সামনে জামশেদপুর, চোট মিগুয়েলের, নির্ধারিত সময়েই ম্যাচ শেষ করতে চায় মোহন বাগান
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: অনুশীলন শেষে কিটব্যাগ দুলিয়ে গাড়িতে উঠলেন মিগুয়েল। শরীরে আড়ষ্টতা স্পষ্ট। কোমরের উপরের অংশে চোট। সোমবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মিগুয়েলকে পাচ্ছে না মোহন বাগান। অর্থাৎ সবুজ-মেরুন জার্সিতে ব্রাজিলিয়ান প্লে-মেকারের অভিষেকের জন্য সমর্থকদের অপেক্ষা আরও বাড়ল। মোহন বাগান কোচ পানোসের মন্তব্য, ‘সামনে লম্বা মরশুম। কোনও ঝুঁকি নিতে চাই না।’ পাশাপাশি ডুরান্ডে খেলা হচ্ছে না ছাংতেরও। হাতের চোট পুরোপুরি সারেনি। তাই চলতি টুর্নামেন্টে ছাংতের নাম নথিভুক্ত করা হয়নি। তবে সবুজ-মেরুন সারথী পানোস অজুহাত দিতে নারাজ। গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে পৌঁছেছে তাঁর দল। সাহালদের গোলের ফোয়ারায় বিধ্বস্ত হয়েছে প্রতিপক্ষ। তা সত্ত্বেও সেমি-ফাইনালে পৌঁছালে ম্যাকলারেনদের শিলংয়ে খেলতে হবে। ডুরান্ডের নিয়ম বোঝা দায়। তবে গ্রিক কোচ পানোসের ফোকাসে শুধুই ম্যাচ। রবিবার যুবভারতীর প্র্যাকটিস মাঠে দাঁড়িয়ে তাঁর মন্তব্য, ‘কান্নাকাটি করার জায়গা নেই। মোহন বাগান দেশের সেরা দল। ফুটবলারদের উপর ভরসা আছে। ওরা নিশ্চয়ই নিজেদের প্রমাণ করবে।’ 

Advertisement

জলকাদার ভারী মাঠে পরপর ম্যাচ খেলা সহজ নয়। পায়ের পেশীতে বাড়তি চাপ পড়ে। চোটের আশঙ্কা থেকেই যায়। তবে পানোসের হাতে বিকল্প প্রচুর। অভিজ্ঞ কোচ পরিকল্পনা অনুযায়ী দল সাজাতে চান। গত ম্যাচে সিআইএসএফের বিরুদ্ধে গোল পেয়েছেন জেমি ম্যাকলারেন। পাশাপাশি সাহালও ছন্দে। বসনিয়ার বিদেশি জেলকোভিচ অনেকটাই ফিট। পরিচিত আক্রমণাত্মক ফুটবলেই প্রতিপক্ষকে বশ মানাতে তৈরি সবুজ-মেরুন ব্রিগেড। ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী নক-আউটে নির্ধারিত সময়ে ফয়সালা না হলে ম্যাচ গড়াবে টাই-ব্রেকারে। তবে বাগান কোচ ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান। সেই লক্ষ্যে দ্রুত গোল তুলে নেওয়ার ভাবনায় মোহন বাগান টিম-ম্যানেজমেন্ট। পাশাপাশি এদিন টাই-ব্রেকার অনুশীলনও করানো হল বিশালদের। কোচের মন্তব্য, ‘প্রতিপক্ষ দুর্গ তাড়াতাড়ি ভাঙতেই হবে।’
প্রতিপক্ষ জামশেদপুর কতটা ওজনদার? বিদেশিহীন দলে ভারতীয় স্কোয়াডই ভরসা। প্রণয় হালদার, সার্থক গোলুই, মহম্মদ সানান, আমন সিকে, আলবিনো গোমস, নিখিল বারলার মতো আইএসএলের একঝাঁক পরিচিত মুখ নিয়েই প্রবল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়তে চায় তারা। সোমবার বিকেলে জামশেদপুর থেকে টিমবাসে কলকাতায় পৌঁছে গেল ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দল। ইতিমধ্যেই ফুটবল দলের মালিকানা বদল হয়েছে। গোয়ার চার্চিল ব্রাদার্স সত্ত্ব নেওয়ার পর বেশিরভাগ ফুটবলারের ভবিষ্যৎ অনিশ্চিত। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলে জামশেদপুর এফসির সিনিয়র দলের ইতিহাস এখানেই থমকে যাবে। কোনঠাসা ফুটবলাররা ফুটবলের মক্কায় ছাপ রাখতে মরিয়া।
 যুবভারতীতে ম্যাচ শুরু বিকেল চারটেয়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ