জয়পুর: রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটেরই মৃত্যু হয়েছে। বায়ুসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়, বুধবার নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। এর জেরে বিমানের দুই পাইলটই প্রাণ হারিয়েছেন। ওই বিবৃতিতেই বায়ুসেনার তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনাও জানিয়েছে বায়ুসেনা। কী কারণে ওই দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। রাজলদেসরের এসএইচও কমলেশ জানান, চুরুর কাছে ভানোদা গ্রামে বেলা ১টা ২৫ নাগাদ একটি চাষের জমিতে জাগুয়ারটি ভেঙে পড়ে। ঘটনার পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁরা জানিয়েছেন, এলাকায় মানুষের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। পরে স্থানীয়রাই পুলিসে খবর দেন। রাজলদেসর ও রতনগড় থানার পুলিস, দমকল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এদিকে জাগুয়ার যুদ্ধবিমানের লাগাতার দুর্ঘটনা কপালে ভাঁজ ফেলছে বায়ুসেনার। চলতি বছরের ৭ মার্চ রুটিনমাফিক কর্মসূচি চলাকালীন পাঞ্জাবে আম্বালায় ভেঙে পড়ে একটি জাগুয়ার। তবে সে যাত্রায় ভেঙে পড়ার আগেই পাইলট বিমান থেকে লাফ যান। পুরনো এই বিমান এখনও ব্যবহার করা উচিত কি না, তা নিয়ে সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে।



