Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে আড়াই বছর পর স্থায়ী উপাচার্য, অল্প সময়ে সমাবর্তনই চ্যালেঞ্জ

অবশেষে, প্রায় আড়াই বছর বাদে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার এই পদে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। শিক্ষক, আধিকারিক এবং কর্মচারীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁকে।

যাদবপুরে আড়াই বছর পর স্থায়ী উপাচার্য, অল্প সময়ে সমাবর্তনই চ্যালেঞ্জ
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে, প্রায় আড়াই বছর বাদে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার এই পদে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। শিক্ষক, আধিকারিক এবং কর্মচারীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁকে। দায়িত্ব নিয়েই তিনি জানান, সফলভাবে সমাবর্তন উৎসব আয়োজনকে অগ্রাধিকার দিতে চান তিনি। ২৪ ডিসেম্বর বার্ষিক সমাবর্তন আয়োজিত হয়। কম সময়ের মধ্যে সেটিকে সফলভাবে আয়োজন করাটাই চ্যালেঞ্জ। তবে, সময়ের অভাবের জন্যই এবছরও কাউকে ডিএসসি বা ডিলিট দিতে পারছে না বিশ্ববিদ্যালয়। সমাবর্তনের প্রধান অতিথি মনোনয়নের জন্য ডিনদের নিয়ে বিশেষ কমিটি আলোচনায় বসবে। আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস গত দু-বছর সমাবর্তনকে অবৈধ ঘোষণা করে তাঁতে অংশ নেননি। এমনকি, প্রাক্তন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে তিনি নির্দেশ দিয়েছিলেন, গতবছর সমাবর্তন খাতের যাবতীয় ব্যয় তিনি বিশ্ববিদ্যালয়ের তহবিলে ফেরাতে বাধ্য। তবে, স্থায়ী উপাচার্য নিয়োগের পর এবার তিনি সমাবর্তনে যোগ দেন কি না, সেটা দেখার বিষয়। তবে, সবচেয়ে জ্বলন্ত যে ইশ্যু, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে এদিনই কোনও নির্দিষ্ট মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, সিসি ক্যামেরা বসানো নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার পরেই কিছু বলা যাবে। যদিও, ছাত্র নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন উপাচার্য। ব্যক্তিগতভাবে তিনি যে নির্বাচন আয়োজনের পক্ষে, সেকথা জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ