নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের দু’প্রান্তে পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই সাইকেলচালকের। উল্টোডাঙা ও পশ্চিম বন্দর থানা এলাকায় দুর্ঘটনাটিগুলি ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় বেলগাছিয়া রোড ও ইন্দ্র বিশ্বাস রোডের সংযোগস্থলে একটি পণ্যবাহী গাড়ি এক সাইকেলচালককে ধাক্কা দেয়। ছিটকে পড়েন সাইকেলচালক সন্তোষ পাল (৩১)। তিনি বাগুইআটির বাসিন্দা। ঘটনাস্থলেই প্রচণ্ড রক্তক্ষরণের হয় যুবকের। তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে মৃত্যু হয়। অন্যদিকে, বুধবার দুপুরে গার্ডেনরিচ ফ্লাইওভারের নীচে সোনারপুর রোডে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি ধাক্কা দেয় এক সাইকেলচালককে। তাঁর নাম পরদেশি জয়েশওয়ারা (৬১)। খিদিরপুরের ভূকৈলাস রোডের বাসিন্দা তিনি। দুর্ঘটনার জেরে মাথা সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লাগে বৃদ্ধের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিম বন্দর থানার পুলিস। বৃদ্ধকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির খোঁজ করছে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



