Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ইতালি, প্রয়াত ভাইয়ের জার্সি নম্বরেই সফল বার্নস

২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। খবরটা বিশ্বাস করতে পারছেন না অনেকেই

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ইতালি, প্রয়াত ভাইয়ের জার্সি নম্বরেই সফল বার্নস
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। খবরটা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। সবিস্ময়ে বলছেন, ইতালিও ক্রিকেট খেলে! আসলে ইউরোপের দেশটির নাম উঠলেই সবার আগে মাথায় আসে ফুটবলের কথা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আজ্জুরিরা। তবে পাওলো মালদিনি-রবার্তো বাজ্জিও’র দেশে অগোচরে ডালপালা মেলেছে ক্রিকেট। তার নেপথ্য নায়ক অস্ট্রেলিয়ার জো বার্নস। ইতালির ক্যাপ্টেনের জন্ম ডন ব্র্যাডম্যানের দেশে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার জার্সিতে ২৩টি টেস্টও খেলেছেন তিনি। ৪টি শতরান সহ করেছেন ১৪৪২ রান। কিন্তু ২০২৪ সালে ভাই ডমিনিক বার্নসের আকস্মিক মৃত্যু তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বার্নসের মা ইতালিয়ান। সেই সূত্রে ভাই ডমিনিক ইতালির ক্লাবে ক্রিকেট খেলতেন। গত বছর তাঁর মৃত্যুতে বার্নস পরিবারে ঘোর অন্ধকার নেমে আসে। প্রচণ্ড ভেঙে পড়েছিলেন জো। তাই ভাইয়ের স্বপ্নপূরণ করতে অস্ট্রেলিয়া ছেড়ে ইতালির হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন তিনি। গায়ে তুলে নেন ভাইয়ের স্মৃতি বিজড়িত ৮৫ নম্বর জার্সি। বাকিটা ইতিহাস।

Advertisement

বার্নসের নেতৃত্বে সম্প্রতি দারুণ ক্রিকেট খেলছে ইতালি। বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডকে হারিয়ে মূলপর্বের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছিল বার্নস-ব্রিগেড। শুক্রবার নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে পরাজয় সত্ত্বেও স্বপ্নভঙ্গ হয়নি। নেট রান রেটের হিসেবে ইউরোপিয়ান কোয়ালিফায়িং রাউন্ডে রানার্স হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ইতালি। ভাইয়ের স্বপ্নপূরণ করতে পেরে আপ্লুত জো। তিনি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আজ আমার ক্রিকেট জীবন পূর্ণতা পেল।’ উল্লেখ্য, ইতালি প্রথমবার টি-২০ আন্তর্জাতিক খেলে ২০১৯ সালে। সেই ম্যাচে তাদের উল্টোদিকে ছিল জার্মানি। তার মাত্র কয়েকবছরের মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন বলেই এর তাৎপর্য আলাদা। বার্নসের অবদান সেজন্যই প্রশংসিত হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ