Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘১০ মাসে দূষণ কমানো সম্ভব নয়’, দায় ঝাড়লেন দিল্লি সরকারের মন্ত্রী

বাতাসে দূষণের বিষ। শ্বাস নেওয়া দায় শহরবাসীর। রাজধানী জুড়ে চলছে প্রতিবাদ।

‘১০ মাসে দূষণ কমানো সম্ভব নয়’, দায় ঝাড়লেন দিল্লি সরকারের মন্ত্রী
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাতাসে দূষণের বিষ। শ্বাস নেওয়া দায় শহরবাসীর। রাজধানী জুড়ে চলছে প্রতিবাদ। এই আবহে আমজনতার কাছে ক্ষমা চাইলেন দিল্লির বিজেপি সরকারের পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা।

Advertisement

সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, ‘কোনও নির্বাচিত সরকারের পক্ষেই ৯-১০ মাসের মধ্যে এই পরিমাণ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’ রাজধানীর বর্তমান পরিস্থিতির জন্য পূর্বতন আপ সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, ‘দূষণের রোগ আমাদের দিয়েছে আপ সরকার।’ রাজধানীর বর্তমান বিজেপি সরকার দূষণ  নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করছে বলেও দাবি করেছেন মন্ত্রী।  
দিল্লির দূষণ নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছে। রাজধানীকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করছেন অনেকে। সোমবার দিল্লিতে বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৪৮৫। মঙ্গলবার বিকেলে তা কিছুটা কমে ৩৭৮-এ পোঁছয়। তবে পরিস্থিতি যে গুরুতর, তাতে সন্দেহ নেই। এমনকি কিংবদন্তি ফুটবলার লায়োনেল মেসির দিল্লি সফরেও বিঘ্ন ঘটায় দিল্লির এই দূষণ। প্রশ্নের মুখে পড়েন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই পরিস্থিতিতে সরকারের পক্ষে সওয়াল করতে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশমন্ত্রী। দূষণ নিয়ন্ত্রণে দিল্লির বিজেপি সরকার কী কী করছে, সেই খতিয়ান তুলে ধরেন তিনি। তবে জানিয়ে দেন, দিল্লির দূষণ ৯-১০ মাসের মধ্যে কমানো সম্ভব নয়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দূষণ মোকাবিলায় প্রতিনিয়ত কাজ করে চলেছে। যে ৬২টি দূষণের হটস্পট চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে ১৩টিতে গত বছরের তুলনায় দূষণের মাত্রা কমানো সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় ৩,৪২৭টি বৈদ্যুতিক বাস চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দূষণবিধি সংক্রান্ত বৈধ বা আপডেটেড কাগজপত্র না দেখালে তেল কিনতে পারবেন না কোনও গাড়িচালক। রাজধানীর সিংহভাগ পেট্রলপাম্পে চলছে কড়া নজরদারি। তবে রাজধানীর অবস্থা যে রাতারাতি বদলানো সম্ভব নয়, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ