তেল আভিভ, ২৫ আগস্ট: গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। আজ, সোমবার দুপুরে গাজার নাসের হাসপাতালে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেল আভিভ। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। তার মধ্যে সাংবাদিক রয়েছেন চারজন। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংবাদসংস্থা রয়টার্স ও এপির ফটোগ্রাফার ও সাংবাদিকের মৃত্যু হয়েছে ইজরায়েলি সেনার হামলায়। এমনটাই জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক। যদিও এই হামলার প্রসঙ্গে মুখ খোলেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চুপ রয়েছে ইজরায়েলি সেনাও।
সূত্রের খবর, এদিন দুপুরে নাসের হাসপাতালের রুফটপে ইজরায়েলি ড্রোন আছড়ে পড়ে। তখনই মৃত্যু হয় এক সাংবাদিকের। তারপরেই একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলি সেনা। উদ্ধারকাজের সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় মৃত্যু হয় ১৯ জনের। জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। তবে গাজায়, সংবাদমাধ্যমের উপর এই প্রথম নয়, এর আগেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। তবে প্যালেস্তিনীয়দের থেকেও বিগত কয়েকমাসে গাজায় বিভিন্ন সাংবাদিকদের উপর হামলার গতি বাড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা। অক্টোবর ২০২৩ থেকে প্রায় ২০০-এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন তেল আভিভের হামলায়।