Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে সায় ইজরায়েল ও হামাসের, মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন মোদির

দু’বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের অধিকাংশ শর্ত মেনে নেওয়ার কথা ঘোষণা করল ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী ।

ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে সায় ইজরায়েল ও হামাসের, মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন মোদির
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দু’বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের অধিকাংশ শর্ত মেনে নেওয়ার কথা ঘোষণা করল ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী । প্রস্তাব অনুযায়ী, সকল ইজরায়েলি পণবন্দিকে ছেড়ে দেবে হামাস। বিনিময়ে যুদ্ধবন্দিদের মুক্তি দেবে ইজরায়েল। দু’বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে গত মাসে ২০ দফা প্রস্তাব রেখেছিলেন ট্রাম্প। সূত্রের খবর, মিশরে ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা সেই প্রস্তাবগুলির অধিকাংশই মেনে নিয়েছেন। চুক্তির শর্ত মেনে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছে ইজরায়েল। তবে হামাসের অস্ত্র সংবরণ এবং গাজায় মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসন নিয়ে উচ্চবাচ্য করেনি হামাস। ইজরায়েল ও হামাসের শান্তি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আলাদা করে প্রশংসাও করেছেন। এদিন ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানান মোদি।  দু’জনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে বলে খবর। এর আগে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম দফাকে স্বাগত জানাই। এতে নেতানিয়াহুর বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন ঘটেছে।’ প্রধানমন্ত্রীর এই প্রশংসার সমালোচনা করেছে কংগ্রেস। দলের কমিউনিকেশন শাখার প্রধান জয়রাম রমেশের মতে, একাজ লজ্জাজনক এবং নৈতিকভাবে নৃশংসতার পক্ষে। হামাস সূত্রে জানা গিয়েছে, ২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেবে তারা। পাল্টা  দু’হাজার প্যালেস্তাইনি যুদ্ধবন্দিকে মুক্তি দেবে তেল আভিভ। চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যেই এই কাজ সারবে দুই পক্ষ। এর মধ্যেই তাঁর প্রস্তাব দুই পক্ষ মেনে নেওয়ায় প্রবল খুশি ট্রাম্প। ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘গর্বের সঙ্গে ঘোষণা করছি আমাদের শান্তি প্রস্তাবের প্রথম দফা মেনে চুক্তিতে স্বাক্ষর করেছে ইজরায়েল ও হামাস।’

Advertisement
সম্পর্কিত সংবাদ