Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধের আবহেও ভারতীয় পণ্যের আমদানি বাড়িয়েছে ইসলামাবাদ, জানাল পাকিস্তানের ব্যাঙ্ক

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরেই পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছিল ভারত। বন্ধ করে দেওয়া হয় পণ্য রপ্তানিও।

যুদ্ধের আবহেও ভারতীয় পণ্যের আমদানি বাড়িয়েছে ইসলামাবাদ, জানাল পাকিস্তানের ব্যাঙ্ক
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরেই পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছিল ভারত। বন্ধ করে দেওয়া হয় পণ্য রপ্তানিও। তারপর জল অনেকদূর গড়িয়েছে। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে দুই দেশ। কিন্তু যুদ্ধের আবহেও দুই দেশের মধ্যে ঘুরপথে বাণিজ্য পুরোদমে চালু ছিল বলে দাবি করল স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান (এসবিপি)। চলতি অর্থবর্ষে মে মাস পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ বলেও দাবি করেছে পাকিস্তানের সরকারি ব্যাঙ্কটি। মূলত ভারত থেকেই পণ্য পাকিস্তানে গিয়েছে। পাকিস্তান থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ যত্সামান্য। সরাসরি বাণিজ্য বন্ধ হলেও তৃতীয় দেশের মাধ্যমেই পণ্য আমদানি-রপ্তানি চলেছে। এসবিপির দাবি, চলতি অর্থবর্ষের মে মাস পর্যন্ত ২১ কোটি ১৫ লক্ষ ডলারের পণ্য ভারত পাকিস্তানে রপ্তানি করেছে। গত অর্থবর্ষে এই রপ্তানির পরিমাণ ছিল ২০ কোটি ৭ লক্ষ ডলার। ২০২৩ অর্থবর্ষে ১৯ কোটি ডলারের পণ্য ভারত প্রতিবেশী দেশে রপ্তানি করে। মে মাসের শুরুতেই অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু ওই মাসেও দুই দেশের মধ্যে দেড় কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে মাত্র ১ হাজার ডলারের পণ্য ভারতে এসেছে। বাকি পণ্যের পুরোটাই ভারত থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে।

Advertisement

২০১৯ সাল থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মসৃণ নয়। মূলত আটারি স্থলবন্দরেই দুই দেশের বাণিজ্য সীমাবদ্ধ। পহেলগাঁও হামলার পর সেই সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাল্টা হিসেবে পাকিস্তানও ঘোষণা করেছিল, ভারতের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। এমনকী তৃতীয় কোনও দেশ 
দিয়েই ভারতীয় পণ্য পাকিস্তানে আসবে না। যদিও সেই হুঁশিয়ারি বাস্তবে কার্যকর হয়নি বলে দাবি পাকিস্তানের ব্যাঙ্কের। যদিও ব্যবসায়ীরা এই বাণিজ্যের বিষয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না। যুদ্ধের সময় পণ্য রপ্তানি নিয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, সংঘাতের আগেই অনেক পণ্যের দাম মিটিয়ে দেওয়া হতে পারে। সেই পণ্যই পরে পাকিস্তানে গিয়েছে। যদিও কয়েকটি গবেষণা সংস্থার মতে, যে তথ্য সামনে এসেছে, তার পুরোটাই সরকারি। বাস্তবে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বেশি। বেসরকারিভাবে ভারত প্রতি বছর ১ হাজার কোটি ডলারের পণ্য পাকিস্তানে রপ্তানি করে থাকে। দুবাই, কলম্বো ও সিঙ্গাপুর ঘুরে এইসব পণ্য পাক ভূখণ্ডে পৌঁছয়। 
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে যে কোনও পণ্য উত্পাদনের খরচ অনেক বেশি। শিল্প গড়ে তোলার জন্য বিদেশি সাহায্যের উপর ভরসা করতে হয়। তাই লুকিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতেই ইচ্ছুক পাকিস্তানের ব্যবসায়ীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ