বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যদিও সেটি ওড়িশা হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে যাওয়ার কথা। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপর সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গ থেকে শহরে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল, বৃহস্পতিবার থেকে শহরে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, বুধবার শহরের আকাশ আংশিক মেঘলাই থাকবে। দুপুরের পর পুরোটাই মেঘলা হয়ে যেতে পারে। এদিন শহরে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।


