


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপারেশন সিন্দুর অভিযানের সময় ভারতের বিন্দুমাত্র কোনও লোকসান হয়নি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মাদ্রাজ আইআইটির এক অনুষ্ঠানে এই অভিমত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ভারতের ক্ষতি হয়েছে, ওই লোকসান হয়েছে—যে প্রচার ছড়ানো হয়েছে, তা সবটাই বিদেশি মিডিয়ার অপপ্রচার। ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তি ও অপারেশন সিন্দুরের সাফল্যকে আড়াল করতেই বিদেশি মিডিয়া এই প্রচার করেছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, একটি কাচের ফলকও ভেঙেছে এরকম কোনও প্রমাণ দেখাতে পারবে পশ্চিমি মিডিয়া? তারা পাকিস্তানের প্রচারকে বিশ্বাস করে এবং সেই মিথ্যাকেই বেশি করে ছড়িয়ে দিয়েছে। দোভালের যুক্তি, এত বড় বড় সব ক্ষতি হয়ে গেল, অথচ বর্তমান সময়ে কোনও ছবি বা ভিডিও পাওয়া গেল না, এটা হতে পারে? ভারতের সাফল্য ব্যাখ্যা করে দোভাল জানান, পাকিস্তানের ন’টি এয়ারবেসকে যে ভারতীয় সামরিক বাহিনী কতটা বিধ্বস্ত করে দিয়েছে, তার প্রমাণ স্যাটেলাইট চিত্রেই দেখা গিয়েছে। এমনকী পাকিস্তানের সেনা এবং সরকার সেই আঘাতের কথা স্বীকার করেছে। কিন্তু পাকিস্তান অভিযান আটকে দিয়ে ভারতের ক্ষয়ক্ষতি করেছে এমন ছবি বা প্রমাণ পশ্চিমি মিডিয়ার কাছে নেই কেন? অজিত দোভাল এই দাবি করলেও প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করতে পারেনি? সবটাই অপপ্রচার? যদিও ভারতীয়
সেনার ব্রিফিংএ বলা হয়েছিল ৫ জন সেনা ও ১৩ জন নাগরিকের পাকিস্তানের আক্রমণে মৃত্যু হয়েছিল। পাশাপাশি ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাসে ভারতীয় ডিফেন্স অ্যাটাসে বলেছিলেন, ভারত সরকারের প্রাথমিক দ্বিধার কারণে রাফাল ধ্বংস করতে সমর্থ হয়েছে পাকিস্তান। যদিও রাফাল নিয়ে কোনও সরকারি বিবৃতি ভারত দেয়নি। এমনকী রাফাল নির্মাতা সংস্থা দাসোঁও জানিয়েছে, তাদের কাছে এরকম সংবাদ নেই। দোভালের কণ্ঠেও সেই সুর।