ভ্যাপসা গরমে নাজেহাল আমজনতা। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে দেখা নেই বর্ষার। মৌসুমি বায়ুও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তাই আপাতত শহর থেকে জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কাল, শুক্রবার থেকে গরম বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, আজ, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেটি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে হতে পারে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।



