নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা কি এবার সরতেই চলেছে জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের হাত থেকে? বৃহস্পতিবার বোর্ড অব স্টাডি এবং অ্যাডমিশন কমিটির বৈঠকের পরে তেমন সম্ভাবনাই উঠে আসছে। এই ব্যাপারে সমস্ত বিভাগে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে পরবর্তী বৈঠকে মতামত জানাবে।
এবছর ওবিসি সংক্রান্ত আইনি জটিলতার কারণে স্নাতক (পাবডেট) প্রবেশিকার ফল দেরিতে প্রকাশিত হলেও তার মাধ্যমেই পড়ুয়া ভর্তি করা সম্ভব হয়। তবে, স্নাতকোত্তর প্রবেশিকা (পামডেট) সময়ের অভাবে নেওয়া সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এই দুই প্রবেশিকা জয়েন্ট বোর্ডের হাত থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের হাতে দেওয়ার কথা উঠেছে। তবে, কোভিডের সময় ছাড়া এই প্রবেশিকাগুলি যথারীতি জয়েন্ট বোর্ডই নিয়ে এসেছে। তবে, সূত্রের খবর, অন্যান্য পরীক্ষার চাপে এই জোড়া প্রবেশিকার দায়িত্ব জয়েন্ট বোর্ডও আর নিতে রাজি নয়। তাছাড়া, বিভিন্ন অ্যাকাডেমিক কারণেও প্রবেশিকা বিশ্ববিদ্যালয়ের হাতে দেওয়ার দাবি উঠছে। বিশেষ করে সাহিত্য এবং সমাজবিজ্ঞানের বেশকিছু বিষয়ে ব্যাখ্যামূলক উত্তর লেখার কোনও জায়গা থাকে না এই প্রবেশিকায়। ফলে, সঠিকভাবে মান যাচাই সম্ভব হয় না বলেই অনেক অধ্যাপকের মত। ছাত্রছাত্রীদের একটি বড় অংশও জয়েন্ট বোর্ডের প্রবেশিকা নেওয়ার বিরুদ্ধে। যদিও, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের চাপ কমাতেই সরকারি পরামর্শে এই দায়িত্ব গিয়েছিল জয়েন্ট বোর্ডের হাতে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, প্রতিবছরই নভেম্বরে বোর্ড অব স্টাডি এবং অ্যাডমিশন কমিটির বৈঠক হয়। এবছর কিছুটা দেরি হয়েছে। তাতে ভর্তির যোগ্যতামানের সমস্ত মাপকাঠি নিয়েই আলোচনা হয়। এবারও তাই হয়েছে। পরবর্তী বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।’ জয়েন্ট বোর্ডের হাত থেকে এই প্রবেশিকা বিশ্ববিদ্যালয় হাতে নিতে চাইছে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠকে সব ইস্যু নিয়েই আলোচনা হয়েছে।