চেন্নাই: আদালতে ফের মুখ পু্ড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। সম্প্রতি একটি সংস্থার ৯০১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করার নির্দেশ জারি করেছিল ইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করে ওই সংস্থা। শুনানি চলাকালীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তীব্র ভর্ৎসনার সুরে বলেছে, ইডি কোনও ড্রোন নয় যে ইচ্ছামতো আক্রমণ করবে। ইডি কোনও ‘সুপার কপ’ও নয় যে সমস্ত বিষয়ে তদন্ত করার অধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফিক্সড ডিপোজিট ফ্রিজ করার নির্দেশও বাতিল করে দিয়েছে হাইকোর্ট।আরকেএম পাওয়ারজেন নামে ওই সংস্থাটির জন্য ২০০৬ সালে ফতেপুর ইস্টে কোল ব্লক বরাদ্দ করা হয়। কিন্তু, তাতে অনিয়ম দেখা দেওয়ায় ২০১৪ সালে সুপ্রিম কোর্ট ওই কোল ব্লক বণ্টন বাতিল করে দেয়। সিবিআই এই নিয়ে মামলা দায়ের করলেও ২০১৭ সালে তারা সেই মামলা বন্ধ করে দেয়। কিন্তু ইডি তারপরেও আর্থিক তছরূপের মামলা চালিয়ে যেতে থাকে। ২০১৫ সালেও তারা একবার ওই সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। সেবারও মাদ্রাজ হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে দেয়। কিন্তু তাতেও ইডি তাদের কার্যকলাপ থামায়নি। ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি এম এস রমেশ ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ সংক্রান্ত আইনে (পিএমএলএ) ইডির তদন্ত করার অধিকার রয়েছে। যে সব অপরাধের সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনের সম্পর্ক নেই, সেখানে পিএমএলএ-র অধীনে তদন্ত করা অনর্থক।



