নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো বেনিয়ম। এমনই অভিযোগে তোলপাড় পড়েছে ঐতিহ্যবাহী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। অভিযোগ, অযোগ্য ২০০ জনেরও বেশি শিক্ষক-অধ্যাপক নিয়োগ হয়েছে জেএনইউয়ে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শান্তিশ্রী পণ্ডিতের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এব্যাপারে সোচ্চার হয়েছে জেএনইউ ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। তাদের দাবি, অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্যকে। যদিও বেনিয়মের অভিযোগ সটান উড়িয়ে দিয়েছেন শান্তিশ্রী পণ্ডিত। তিনি বলেছেন, ‘নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম কিংবা দুর্নীতি হয়নি। যা হয়েছে, তা যোগ্যতার মাপকাঠিতেই হয়েছে। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।’ তবে এতে জেএনইউয়ের পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই। বরং জেএনইউ ছাত্র এবং শিক্ষক সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যে, উপাচার্য যদি অবিলম্বে পদত্যাগ না করেন, তাহলে বড়োসড়ো আন্দোলনের পথে হাঁটা হবে।



