নয়াদিল্লি: শনিবার দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস শীর্ষ সম্মেলনের সূচনা হল। বাবা যখন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। তখন স্বামী হাসান মাজিদিকে সঙ্গে নিয়ে পিএম মিউজিয়াম ও ব্রিকস বাজার ঘুরে দেখলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মেয়ে জারা পেজেশকিয়ান। স্টলে স্টলে গিয়ে একাধিক বিক্রেতার সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। কোথাও আবার শাল-উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট কন্যাকে। ভারত সহ নানা দেশের লোকশিল্প নেড়েচেড়ে দেখার পাশাপাশি মিউজিয়াম ঘুরে ভারতের প্রধানমন্ত্রীদের সম্পর্কেও তথ্য জানতে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ্যে সামনে এসেছে সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, জারা পেজেশকিয়ানকেস্বাগত জানানো হয়েছে। তাঁকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।



