


বাগদাদ: মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু হল এক ভারতীয়র। বুধবার সেফসি বিষ্ণু নামের ওই ট্যাঙ্কার মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে ইরাকের পাশ দিয়ে যাচ্ছিল। আল জুবাইর পোর্টের কাছে সেই ট্যাঙ্কারে হামলা করে ইরানের সুইসাইড বোট। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যঙ্কারের ওই ভারতীয় কর্মীর। তবে তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ট্যাঙ্কারের বাকি ২৭ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরবর্তী সহায়তার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বসরায়। ট্যাঙ্কার কর্মীর মৃত্যুর কথা জানিয়েছে ইরাকের ভারতীয় দূতাবাস। সোশ্যাল মিডিয়ায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেফসি বিষ্ণু নামের ওই ট্যাঙ্কার থেকে ১৫ জন ভারতীয়কে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে।’
দূতাবাসের পক্ষ থেকে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেফসি কর্তৃপক্ষ। সংস্থার মতে, সমুদ্র বাণিজ্যের সঙ্গে যুক্ত কর্মীদের ১৫ শতাংশই ভারতীয়। এই অবস্থায় ইরান যে কোনো ট্যাঙ্কার বা জাহাজকে লক্ষ্য করেই হামলা চালাক, তাতে ক্ষতি হবে ভারতীয়দেরই। এই হামলার প্রেক্ষিতে তাদের অয়েল পোর্টগুলি বন্ধ রাখার কথা ঘোষণা করল ইরাক। সেদেশের রাষ্ট্রায়ত্ত জেনারেল কোম্পানি অব পোর্টস অব ইরাকের (জিসিপিআই) ডিরেক্টর জেনারেল ফারহান-আল ফারতৌসি জানিয়েছেন, ‘অয়েল পোর্টের কাজকর্ম সাসপেন্ড করা হচ্ছে। তবে কমার্শিয়াল পোর্ট আগের মতোই কাজ চালাবে।’
মার্কিন, ইজরায়েল এবং তাদের পশ্চিমী সহযোগীদের জন্য হরমুজ প্রণালীর দরজা বন্ধ করেছে ইরান। তবে হামলার সময় জাহাজ চিহ্নিত করা কঠিন পড়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় বুধবার এরকমই একটি হামলা হয়েছিল থাইল্যান্ডের ‘ময়ূরী নারে’ নামের জাহাজে। ওই জাহাজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনজন জাহাজকর্মীর খোঁজ মিলছে না। ঘটনার প্রতিবাদে এদিন ইরানের রাষ্ট্রদূতকে তলব করে থাইল্যান্ডের বিদেশমন্ত্রক। ‘থাই নিউজ এজেন্সি’র খবর অনুয়ায়ী, ছাড় থাকা সত্ত্বেও কেন তাদের জাহাজে হামলা চালানো হল, ইরানি রাষ্ট্রদূতের কাছে তা জানতে চেয়েছে থাইল্যান্ড সরকার।
এদিকে তাদের জাহাজে রহস্যজনকভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করল জার্মান সংস্থা হ্যাপগ-লয়েড। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সোর্স ব্লেসিং নামের জাহাজে প্রোজেক্টাইলের গুচ্ছ টুকরো আঘাত করে। তাতে জাহাজে আগুন ধরে যায়। তবে জাহাজের সব কর্মী নিরাপদে রয়েছেন। ছবি: পিটিআই