ফ্লোরিডা: জাপানের পর এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান। তবে আদৌ তারা মাঠে নামতে পারবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। তার অন্যতম কারণ হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণনীতি। দ্বিতীয়বারের জন্য সিংহাসনে বসার পর একগুচ্ছ কঠিন সিদ্ধান্ত নেন তিনি। তাঁর মধ্যে অন্যতম হল, বিশ্বের একাধিক দেশের ক্ষেত্রে আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে এমনই তিনটি তালিকা তৈরি করা হয়েছে— এক, পূর্ণ নিষেধাজ্ঞা বা লাল তালিকাভুক্ত দেশ। দুই, আংশিক বা কঠোর ভিসা স্থগিতাদেশ। তিন, আংশিক নিষেধাজ্ঞার জন্য সুপারিশকৃত দেশ। প্রথম তালিকায় রয়েছে ১১টি দেশ। সেখানেই নাম রয়েছে ইরানের। ফলে ২০২৬ বিশ্বকাপে তাদের প্রতিনিধিত্ব করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই নিয়ে ইতিমধ্যেই ফিফার তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।



