তেহরান: হুমকিতে কাজ হবে না। আমেরিকাকে কড়া বার্তা ইরানের। গত মাসে যুদ্ধ বন্ধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সমঝোতায় স্বাক্ষর করেছে তেহরান। এরপরেই প্রয়াত সর্বোচ্চে নেতা আয়াতোলা আলি খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে সেদেশে। এরমধ্যেই ভেসে এসেছে ট্রাম্পের হঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা যে কোনোভাবেই জিতব। আমরা হয় একটি চুক্তিতে আসব, নয়তো নিজেদের কাজটি শেষ করব। আর তা আমাদের পক্ষে মোটেই কঠিন হবে না।’ ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান সাফ জানিয়ে দিয়েছে, চুক্তিকে সম্মান দিক আমেরিকা। নয়তো চুক্তি চূড়ান্ত করা নিয়ে তারা আলোচনা শুরুই করবে না।
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি মঙ্গলবার সমঝোতার ১৩ নম্বর অনুচ্ছেদের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘সেখানে স্পষ্ট লেখা রয়েছে, কোনো পক্ষ থেকে হুমকি এলে চূড়ান্ত চুক্তি নিয়ে অগ্রসর হওয়া যাবে না। আপনারা সমঝোতাকে সম্মান জানান।’ সোশ্যাল মিডিয়া পোস্টে আরাঘচি আরও লেখেন, ‘প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইকে সম্মান জানাতে লক্ষ লক্ষ গর্বিত ইরানবাসী সমবেত হয়েছেন। দেশবাসী এবং আমাদের সাহসী সশস্ত্র সেনাবাহিনী কোনো হুমকির কাছে মাথা নত করবে না।’ ওয়াকিবহাল মহলের মতে, ইরানের এই মন্তব্য মোটেই কাকতালীয় নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধে এখন ভালো অবস্থায় রয়েছে ইরান। তাই সমঝোতার ক্ষেত্রেও তারা অনেক সুবিধা আদায় করে নিয়েছে। আর সে কারণেই তারা চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু না করার হুঁশিয়ারি দিয়ে রাখল।