Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েলের বায়ুসেনা ঘাঁটিতে হামলা ইরানের, পালটা জবাব, ভারতীয়দের অবিলম্বে ইরান ছাড়ার বার্তা

জ্বলছে পশ্চিম এশিয়া। বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালাচ্ছে ইজরায়েল। এমনই অভিযোগ তুলে রবিবার রাতে ইজরায়েলের দু’টি বায়ুসেনা ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান।

ইজরায়েলের বায়ুসেনা ঘাঁটিতে হামলা ইরানের, পালটা জবাব, ভারতীয়দের অবিলম্বে ইরান ছাড়ার বার্তা
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: জ্বলছে পশ্চিম এশিয়া। বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালাচ্ছে ইজরায়েল। এমনই অভিযোগ তুলে রবিবার রাতে ইজরায়েলের দু’টি বায়ুসেনা ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান। চুপ থাকেনি ইজরায়েলও। পালটা ইরানের মাহশাহারের একটি পেট্রোকেমিক্যাল প্লান্টে আঘাত হানল নেতানিয়াহুর দেশ। মধ্য ও পশ্চিম ইরানের একাধিক জায়গায় চলল হামলা। অবশ্য এই সংঘর্ষের পরই আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’পক্ষকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি জানিয়ে দেন, সংঘর্ষ বিরতিতে ইজরায়েল ও ইরান সম্মত হয়েছে।

Advertisement

যদিও এই অস্থির পরিস্থিতিতে তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সেকথা মাথায় রেখেই সোমবার ইরানে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি। তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করে দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এইসময় কেউ যেন ইরানের উদ্দেশে রওনা না দেন, সেকথাও বলা হয়েছে। এদিন ইরানি সেনার তরফে জানানো হয়েছে, লেবাননে হামলার প্রতিবাদে রবিবার রাতে ইজরায়েলের নেভাটিম ও তেল নফ বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। মাঝরাতে ইজরায়েলে হঠাৎ সাইরেনের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দও মিলেছে। এনিয়ে ইজরায়েলি সেনার বক্তব্য, দেশের উত্তর অংশে হামলা চালিয়েছে তেহরান। তবে ইরানের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইজরায়েলের দিকে কমপক্ষে দশটি ব্যালিস্টিক মিসাইল ধেয়ে এসেছিল। জবাব দিয়েছে তেল আভিভও। ইরানের মাহশাহারের পেট্রোকেমিক্যাল প্লান্টে হামলা চালানো হয়েছে। তেহরানে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাজধানীর পাশাপাশি ইসফাহান, কারাজ, তাবরিজ-সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ মিলেছে। টার্গেট ছিল পশ্চিম ও মধ্য ইরানের সামরিক ঘাঁটি। বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা।

Advertisement
সম্পর্কিত সংবাদ