Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

অধিবেশনে এসআইআর-প্রতিবাদ, রূপরেখা তৈরি করতে শনিবার অনলাইন বৈঠক করবে ইন্ডিয়া

বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুর প্রতিবাদে বাদল অধিবেশনে সোচ্চার হবে বিরোধীরা। সেই সম্মিলিত আক্রমণের স্ট্র্যাটেজি ঠিক করতে আগামী শনিবার বৈঠকে বসছে মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

অধিবেশনে এসআইআর-প্রতিবাদ, রূপরেখা তৈরি করতে শনিবার অনলাইন বৈঠক করবে ইন্ডিয়া
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুর প্রতিবাদে বাদল অধিবেশনে সোচ্চার হবে বিরোধীরা। সেই সম্মিলিত আক্রমণের স্ট্র্যাটেজি ঠিক করতে আগামী শনিবার বৈঠকে বসছে মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।   উদ্যোগ নিয়েছেন স্বয়ং সোনিয়া গান্ধী। প্রথমে ঠিক হয়েছিল, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে হবে এই বৈঠক। কিন্তু, ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে ব্যস্ততার জেরে  সেদিন তৃণমূলের তরফে কেউ দিল্লিতে উপস্থিত থাকতে পারবেন না, আঁচ করেই বৈঠকটি অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বৈঠক। এসআইআর ইস্যুর পাশাপাশি অন্যান্য আর কী কী ইস্যুতে মোদি সরকারকে সংসদে কোণঠাসা করা যায়, তাও আলোচনা হবে। এদিকে, বৈঠকে গরহাজির থাকতে পারে আম আদমি পার্টিও। তৃণমূল কংগ্রেস অংশ নেবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। কারণ, ২১ জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি রয়েছে। তা নিয়ে নেতা-নেত্রীদের সবার ব্যস্ততার শেষ নেই। ফলে শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে আসা তাঁদের পক্ষে একপ্রকার অসম্ভব। রবিবার সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকেও তৃণমূল আসবে না। যদিও তারা বলছে, বিহারের এসআইআর বড় ইস্যু। এই ইস্যুতে সবাইকেই সরব হতে হবে। ঘটনাচক্রে, আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর ওইদিনই সুপ্রিম কোর্টে এসআইআর ইস্যুতে তাদের বক্তব্য জমা দেবে নির্বাচন কমিশন। শুনানি ২৮ জুলাই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ